ফুটবল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, আর্জেন্টিনা সমর্থকদের মনে ততই জোরালো হচ্ছে এক প্রশ্ন—লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এত দিন ধরে নানা গুঞ্জন শোনা গেলেও এবার নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার।
মেসি সমর্থকদের দিয়েছেন সুখবর। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে পূর্ণ ফিট থাকলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে নিজের ফিটনেসই নির্ধারণ করবে সেই সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি।
২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করে মেসি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ অনুভূতি। আমি সেখানে থাকতে চাই। আর যদি খেলি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।” তিনি আরও যোগ করেন, “আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিন নিজের ফিটনেস পর্যবেক্ষণ করব। যদি শতভাগ ফিট থাকি, তাহলে অবশ্যই বিশ্বকাপে খেলার চেষ্টা করব। জাতীয় দলের হয়ে খেলা আমার সব সময়ের স্বপ্ন।”
বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন মেসি। সম্প্রতি তিনি এমএলএস গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন। এখন তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোর দিকে। আগামী ২ নভেম্বর তাদের দ্বিতীয় প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে জয় পেলে মায়ামি পাবে সেমিফাইনালে খেলার সুযোগ।
আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচে ১১৪টি গোল করেছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। যদি তিনি ২০২৬ বিশ্বকাপে খেলেন, তবে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ, যা বিশ্বফুটবলের ইতিহাসে এক বিরল অর্জন।



