২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। তিনটি দেশের—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। প্রতিটি দলের ভাগ্য নির্ধারিত হবে এক জমকালো ড্র অনুষ্ঠানের মাধ্যমে, যার সময় ও স্থান সম্প্রতি ঘোষণা করেছে ফিফা।
বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। ব্যতিক্রমীভাবে এই আয়োজনের ভেন্যু করা হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ‘স্পিয়ার’ অডিটোরিয়ামে। যদিও এটি বিশ্বকাপ ম্যাচ আয়োজনকারী শহর নয়, তবে আধুনিক প্রযুক্তি, পর্যটন সুবিধা এবং বিশ্বব্যাপী নজরকাড়া পরিবেশের কারণে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। ‘স্পিয়ার’ অডিটোরিয়ামটি বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর ও নান্দনিক মিলনায়তন। বাইরের অংশজুড়ে এলইডি স্ক্রিনে আলোর খেলা, আর ভেতরে রয়েছে ১৭,৬০০ আসনের বিশাল দর্শক গ্যালারি—সব মিলিয়ে এটি ড্রয়ের মতো একটি ঐতিহাসিক আয়োজনের জন্য আদর্শ স্থান।
২০২৬ সালের বিশ্বকাপে রেকর্ডসংখ্যক ৪৮টি দল অংশ নেবে। দলগুলো ভাগ হবে ১২টি গ্রুপে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ও আটটি সেরা তৃতীয় স্থান পাওয়া দল যাবে রাউন্ড অব ৩২-এ। এরপর শুরু হবে নকআউট পর্ব, যা শেষ হবে মহা ফাইনালের মাধ্যমে।
এই বিশাল আয়োজন শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। আর চূড়ান্ত লড়াইটি হবে ১৯ জুলাই, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে—যেখানে নির্ধারিত হবে ফুটবলের নতুন রাজা।
এখন পর্যন্ত ১৩টি দেশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে।
✔️ আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
✔️ দক্ষিণ আমেরিকা (কনমেবোল): আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর
✔️ এশিয়া (এএফসি): জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া
✔️ ওশেনিয়া (ওএফসি): নিউজিল্যান্ড
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই টিকিট নিশ্চিত করেছে, এখন অপেক্ষা কেবল কোন গ্রুপে পড়বে তারা। বাকি দলগুলোর নাম জানা যাবে ২০২৬ সালের মার্চে প্লে-অফ ম্যাচ শেষে।
বিশ্বকাপ ড্র শুধুই ম্যাচ সূচি নির্ধারণ নয়—এটি পুরো টুর্নামেন্টের গতিপথ গড়ে দেয়। কে পড়বে ভয়ঙ্কর ‘গ্রুপ অব ডেথ’-এ, কার ভাগ্যে আসবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ—সব নির্ভর করবে ৫ ডিসেম্বর রাতের সেই মাহেন্দ্রক্ষণের উপর। আর সেদিন বিশ্বের চোখ থাকবে লাস ভেগাসের দিকে।



