Bangladesh Post Office-এর বিশেষ সেবা “স্পিডপোস্ট”-এর অধীনে মাত্র ১০ টাকায় দেশের যেকোনো প্রান্তে পার্সেল পাঠানোর সুবিধা প্রদান করা হচ্ছে। নতুন এই নির্ধারিত মাশুল অনুযায়ী, প্রথম ১ কেজি ওজনের পার্সেল পাঠানোর খরচ পড়বে মাত্র ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি অতিরিক্ত ওজনের জন্য যোগ হবে ৫ টাকা। একটি পার্সেলে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত মালামাল পাঠানো সম্ভব। বেসরকারি কুরিয়ার সেবাগুলোর তুলনায় এই রেট বহুগুণ সাশ্রয়ী হওয়ায় ইতোমধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে।
গ্রাহকবান্ধব এই ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধাও যুক্ত করেছে অধিদপ্তর। বুকিং করার পর প্রতিটি পার্সেল অনলাইনে ট্র্যাকিং নম্বরের মাধ্যমে সরাসরি ট্র্যাকিংয়ের সুযোগ রাখা হয়েছে। এছাড়া গ্রাহকরা বুকিংয়ের পূর্বেই সম্ভাব্য খরচ হিসাব করে নিতে অনলাইন মাশুল ক্যালকুলেটর ব্যবহার করতে পারছেন। ঢাকা জিপিওসহ প্রধান প্রধান ২১টি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি এবং দেশের অন্যান্য জিপিও, প্রধান ও উপজেলা ডাকঘর থেকে সেবাটি গ্রহণ করা যাবে
পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ঢাকা থেকে জেলা শহরগুলোতে ২৪ ঘণ্টা এবং দেশের এক জেলা থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল হস্তান্তরের লক্ষ্য রাখা হয়েছে। দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ডেলিভারির নির্ধারিত সময়সীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা। ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের মাশুল খরচ বহুলাংশে কমিয়ে আনতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



