জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলোর একটি। টেক্সট, ছবি বা ভিডিও—সবকিছুই মুহূর্তেই পাঠানো যায় বলে এর ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাধারণত বার্তা পাঠানোর পর প্রাপক তা পড়েছেন কি না, তা বোঝা যায় নীল রঙের দুটি টিক চিহ্ন (Blue Tick) দেখে।
তবে অনেক সময় প্রাপক চান না, প্রেরক যেন জানতে পারেন যে বার্তাটি তিনি পড়েছেন। এজন্য অনেকে “Read Receipts” বা ব্লু টিক বন্ধ করে রাখেন। কিন্তু এতে আরেকটি সমস্যা দেখা দেয়—এ সুবিধা বন্ধ থাকলে প্রাপক নিজেও বুঝতে পারেন না, তাঁর পাঠানো বার্তাটি অন্যজন পড়েছেন কি না। ফলে বারবার সেটিংস চালু ও বন্ধ করতে হয়, যা বেশ ঝামেলাপূর্ণ।
এই সমস্যার সহজ সমাধান হলো, হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়া। এজন্য শুধু হোমস্ক্রিনে হোয়াটসঅ্যাপের একটি উইজেট (Widget) যোগ করতে হবে। পদ্ধতিটি খুব সহজ—প্রথমে হোমস্ক্রিনে আঙুল চেপে ধরে রাখুন, এরপর “Widgets” মেনু থেকে হোয়াটসঅ্যাপের ৪ বাই ২ ফরম্যাটের উইজেট নির্বাচন করে স্ক্রিনে যুক্ত করুন।
এই উইজেট হোমস্ক্রিনে একটি ছোট উইন্ডো তৈরি করবে, যেখানে নতুন আসা বার্তাগুলো দেখা যাবে। বার্তা বড় হলে স্ক্রল করে সম্পূর্ণ বার্তাও পড়া সম্ভব হবে—অ্যাপ খুলতে হবে না।
সবচেয়ে বড় সুবিধা হলো, এইভাবে বার্তা পড়লেও প্রেরক কোনো নোটিফিকেশন বা ব্লু টিক দেখতে পাবেন না। অর্থাৎ আপনি বার্তা পড়লেও তা গোপনই থাকবে। যাঁরা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার ব্লু টিক অপশন পরিবর্তন করতে বিরক্ত হন, তাঁদের জন্য এটি একটি কার্যকর ও স্মার্ট সমাধান।
সূত্র: Techlusive



