মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ফিরিয়ে আনছে এক দশক আগের জনপ্রিয় টেক্সট স্ট্যাটাস ফিচারকে, তবে আধুনিক ও কার্যকর রূপে। আগে এ ফিচারটি ‘About’ সেকশনের আওতায় সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ব্যবহারকারীরা আবারও সংক্ষিপ্ত টেক্সট আপডেট শেয়ার করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে যাবে। সম্প্রতি কোম্পানির ব্লগ পোস্টে জানানো হয়, এ ফিচারের লক্ষ্য হলো ‘About’ সেকশনকে আরও কার্যকর, সহজ ও ব্যবহারবান্ধব করা।
হোয়াটসঅ্যাপ জানায়, নতুন ‘About Notes’ ফিচার ব্যবহারকারীদের ব্যস্ততা বা মুড অন্যদের জানাতে সহায়ক হবে—তাও ছবি বা ভিডিও ছাড়া। কেউ চ্যাটে সাড়া দিতে পারছেন না বা কোনো কাজে ব্যস্ত—এই তথ্য দ্রুত জানানোর জন্য এটি বেশ কার্যকর একটি উপায়।
নতুন আপডেটে সবচেয়ে বড় পরিবর্তন হলো, ‘About Notes’ এখন থেকে ওয়ান-অন-ওয়ান চ্যাটের শীর্ষে পিন অবস্থায় দেখা যাবে। একইসঙ্গে এটি ব্যবহারকারীর প্রোফাইলেও আগের তুলনায় বেশি চোখে পড়বে। অন্যরা চাইলে কোনো নোটসে রিঅ্যাক্ট দিতে পারবেন, ঠিক ইনস্টাগ্রাম নোটসের মতোই। এসব টেক্সট আপডেট ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে, তবে ব্যবহারকারী চাইলে তার আগেই নোট মুছে ফেলতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট কনট্যাক্টদের সঙ্গেই শুধু নোট শেয়ার করার সুবিধাও থাকছে।
মেটা জানিয়েছে, ফিচারটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে রোল আউট শুরু হয়েছে এবং খুব শিগগিরই সব ব্যবহারকারীর কাছেই পৌঁছে যাবে। ফিচারটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ‘Set About’ অপশন থেকেই নতুন নোটস ফিচারটি চালু করা যাবে।



