নাম বা মোবাইল নম্বর প্রকাশ না করেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে— এমনই যুগান্তকারী ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে নতুন এই ফিচারের পরীক্ষামূলক চালান শুরু করেছে।
‘রিজার্ভ ইউজার’ ফিচার
সূত্রের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হচ্ছে ‘রিজার্ভ ইউজার’ নামের নতুন অপশন। এটি সক্রিয় করলে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর অন্যদের কাছে সম্পূর্ণ গোপন থাকবে। ফলে কেউ চাইলে পরিচয় প্রকাশ না করেই নিরাপদে চ্যাট করতে পারবেন।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো— অনুমতি ছাড়া কেউ বার্তা পাঠাতে পারবে না। কেবলমাত্র যাদের আপনি অনুমতি দেবেন, তারাই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর ফলে ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তা আরও শক্তিশালী হবে।
‘ইউজার নেম উইথ পিন’ অপশন
আরও একটি আকর্ষণীয় ফিচার হতে যাচ্ছে ‘ইউজার নেম’ অপশন। এটি চালু থাকলে অপরিচিত কেউ আপনার নাম বা নম্বর দেখতে পারবে না। তারা কেবল আপনার নির্ধারিত ‘ইউজার নেম উইথ পিন’ (চার অঙ্কের ব্যক্তিগত কোড) জানলেই আপনাকে মেসেজ পাঠাতে পারবে। এতে ব্যবহারকারীরা নিজেদের যোগাযোগের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে রাখতে পারবেন।
সাইবার নিরাপত্তায় বাড়তি সুরক্ষা
নতুন ব্যবস্থায় ওয়েব লিংক থেকে সরাসরি আসা অবাঞ্ছিত মেসেজ বা স্প্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেমন— কোনো ওয়েবসাইট থেকে যদি “WWW” লেখা মেসেজ আসে, তাহলে হোয়াটসঅ্যাপ সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক বা সীমাবদ্ধ করবে। এতে সাইবার অপরাধ ও তথ্যচুরির ঝুঁকি অনেকটা হ্রাস পাবে।
কবে আসছে এই ফিচার?
মেটা (হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান) এখনো ফিচারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, এটি ইতিমধ্যেই বিটা পর্যায়ে দেখা গেছে। সবকিছু ঠিকঠাক চললে বর্ষশেষের আগেই সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে সূত্র।



