কিশোরদের আরও নিরাপদভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস, চ্যানেল এবং মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ঐচ্ছিক এবং অভিভাবক ও কিশোররা একসঙ্গে সেটআপ করতে পারবেন। তবে এসব নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তানের ব্যক্তিগত চ্যাট বা ফোনকল দেখার সুযোগ থাকবে না।
নতুন ব্যবস্থায় কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন এবং কারা তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। কিছু সেটিং পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তী সময়ে অভিভাবকের অনুমোদন ও পিনের প্রয়োজন হতে পারে। এ ছাড়া কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবককে নোটিফিকেশন পাঠানোর সুবিধা থাকবে। কোনো গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়ার সুযোগ থাকবে। তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের বার্তা পড়া যাবে না।
কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। চাইলে কিশোর নিজে কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সে বিষয়েও সীমাবদ্ধতা নির্ধারণ করা যাবে। পাশাপাশি কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে, সেটিও নিয়ন্ত্রণের সুযোগ থাকছে।
নতুন অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থায় মেটা এআই ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিভাবকেরা কিশোরের জন্য সাধারণ ১৩+ সেটিং রাখতে পারবেন। প্রয়োজন মনে করলে আরও সীমিত কনটেন্টের ‘লিমিটেড কনটেন্ট’ অপশনও বেছে নিতে পারবেন।
তবে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়তে বা ফোনকল শুনতে পারবেন না। ব্যক্তিগত যোগাযোগ আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছে। ফলে সব পরিবারে একই সময়ে এসব সুবিধা পাওয়া নাও যেতে পারে।



