ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটেও প্রভাব ফেলছে—এমনটাই দেখা গেল দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে। যদিও মাঠের লড়াইয়ে ভারত সহজেই জয় পেয়েছে, তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল খেলোয়াড়দের আচরণ। টসের সময় দুই অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা এমনকি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মধ্যে আনুষ্ঠানিকতার কোনো ছাপ দেখা যায়নি।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। সাবেক গতি তারকা শোয়েব আখতার অভিযোগ করেন, ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব নাকি ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও। তিনি প্রশ্ন তোলেন, “আইসিসি কোথায়, কেন তারা নীরব?” তার মতে, “হ্যাঁ, ভারত বিশ্বের সেরা দল, কিন্তু খেলা শেষে হাত না মেলানোই তাদের আসল রূপ প্রকাশ করে।”
এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আচরণে কি আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে? নিয়ম অনুযায়ী, এশিয়া কাপ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। তবে আইসিসির নিয়মে কোথাও উল্লেখ নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক। তাই আইনগতভাবে ভারতীয় দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আসলে নেই।



