বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে সিনেমাপ্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন—এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদিও শাকিব বা তার ঘনিষ্ঠ কেউ সরাসরি এ বিষয়ে কিছু বলেননি, তবে জানা গেছে, আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন একটি ছবির জন্য সাইনিং মানি হিসেবে তিনি নিয়েছেন দুই কোটি টাকা।
এই ছবির চুক্তি সম্পন্ন করেই দেশ ছেড়েছেন শাকিব খান। শনিবার রাতে বিমানে বসে তোলা নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’—যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।
এদিকে, ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি শুধু দেশের প্রেক্ষাগৃহেই নয়, মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক শহরের সিনেমা হলে। ১১ জুলাই থেকে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’।
শাকিব খানের এই আকস্মিক যুক্তরাষ্ট্র সফর ঘিরে তার ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। কারণ তিনি আগেও আন্তর্জাতিক মানের ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর আগেই জানিয়েছিলেন, তিনি শাকিব খানকে নিয়ে একটি হলিউড প্রজেক্টে কাজ করতে চান। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং শাকিব যুক্তরাষ্ট্রে গেলেই বিষয়টি চূড়ান্ত হবে।
তবে কি এবার সত্যিই হলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান? এবার কি আন্তর্জাতিক তারকার স্বীকৃতি পেতে চলেছেন তিনি?—এসব প্রশ্ন এখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। সময়ই বলে দেবে, শাকিব খানের এই যাত্রা কতটা ঐতিহাসিক হতে যাচ্ছে।



