প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। এবার সেই সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেছেন তিনি। ‘অপলক’ নামের এই সিনেমায় অভিনয় করবেন নির্মাতার স্ত্রী ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এতে মেহজাবীনের বিপরীতে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে।
সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদনান আল রাজীব ও মেহজাবীন। নিজের পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের সিনেমা “অপলক” আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে! এই যাত্রা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমাদের জন্য দোয়া করবেন এবং শুভকামনা জানাবেন।’
অন্যদিকে, আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অপলক”। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী।’
সিনেমাটি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।’ সিনেমাটি নির্মাণের পেছনের মায়া ও ভালোবাসা দর্শকের কাছেও পৌঁছাবে বলে আশা প্রকাশ করে সবার দোয়া চেয়েছেন তিনি।
মেহজাবীনের শেয়ার করা ছবিতে তাকে চিত্রনাট্যের কাগজে লিখতে দেখা যায়। ছবিতে তার পাশে ছিলেন নির্মাতা আদনান আল রাজীব, আফরান নিশোসহ সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন। দুই তারকার অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পর ‘অপলক’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন ও নাটক নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আদনান আল রাজীব চলতি বছরের জুনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। দীর্ঘদিনের স্বপ্নের কথা জানিয়ে নির্মাতা বলেছিলেন, নিজের ভাবনার একটি গল্প বড় পর্দায় তুলে ধরতে চান।
এর আগে আদনান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করে। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সিনেমাটি বিশেষ স্বীকৃতি পায়। এবার ‘অপলক’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হতে যাচ্ছে তার।



