সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে লিওনেল মেসি ও স্পাইডারম্যানের এক অনন্য জুটি। যদিও মাঠের বাইরে মেসিকে দেখতে অভ্যস্ত নন ভক্তরা, তবে এবার তাকে দেখা গেল জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একটি প্রমোশনাল ভিডিওতে। ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর এই ভিডিওতে নিউইয়র্কের একটি কফি শপে ফোনে কথা বলছিলেন পিটার পার্কার (টম হল্যান্ড)। হঠাৎ ক্যাফেতে প্রবেশ করেন মেসি, আর তাতেই থমকে যান পিটার। মেসি জানান, তিনি স্পাইডারম্যানকে খুঁজছেন। পিটার আড়ালে গিয়ে স্পাইডি স্যুট পরে ফিরে এলে শুরু হয় তাদের মজার কথোপকথন। স্পাইডারম্যান মেসিকে জিজ্ঞেস করেন উচ্চতা নিয়ে ভয় আছে কিনা, আর তখনই দুজনকে একসঙ্গে আকাশে উড়তে দেখা যায়—স্পাইডির জাল ধরে ‘ওয়েব-স্লিংগিং’ উপভোগ করেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ভিডিওটি প্রকাশের পরই নেটদুনিয়ায় ঝড় উঠেছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘স্পাইডারম্যানের সঙ্গে মেসির এই ক্যামিও যে কোনো সিনেমার প্লট টুইস্টের চেয়েও বেশি চমকপ্রদ!’ আরেকজন মজা করে লেখেন, ‘পিটারের জীবনটা এবার সত্যিই একটু বেশি মেসি (জটিল) হয়ে গেল!’ তবে ভক্তদের কৌতূহল থাকলেও মেসি সিনেমাটির কোনো চরিত্র নন—এটি শুধু প্রচারণার অংশ। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



