দাম্পত্য জীবনে ছোটখাটো রাগ কিংবা মনোমালিন্য স্বাভাবিক হলেও যখন তা অতিরিক্ত হয়ে পড়ে, তখন সম্পর্কের মাঝে তৈরি হতে পারে টানাপোড়েন। অনেক সময় দেখা যায়, স্ত্রী সামান্য কারণেই রেগে যান বা আবেগপ্রবণ আচরণ করেন। এক্ষেত্রে নিজেও রেগে গিয়ে পরিস্থিতি খারাপ করার বদলে, বরং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চললেই তা সহজেই সমাধান করা সম্ভব। মার্কিন ওয়েবসাইট Marriage.com-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে বিশেষজ্ঞরা কয়েকটি কার্যকর টিপস দিয়েছেন।
১. বিরক্ত না হয়ে ধৈর্য ধরুন
স্ত্রী রেগে গেলে প্রথমেই শান্ত থাকা জরুরি। বিরক্তি বা তুচ্ছ-তাচ্ছিল্য প্রকাশ না করে মনোযোগ দিয়ে তার কথা শোনা উচিত। তার আবেগ ও অনুভূতি বুঝে সহানুভূতির সঙ্গে কথা বললে তিনি অনেক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবেন।
২. বোঝার চেষ্টা করুন, বোঝানও
স্ত্রী যদি প্রচণ্ড রাগে থাকেন, তাকে বোঝানোর জন্য সময় নিন এবং ধৈর্য ধরে শুনুন তিনি কী বলতে চাচ্ছেন। একসাথে সময় কাটান, প্রয়োজন হলে ঘরের কাজে তাকে সহায়তা করুন। এই ছোট ছোট সহযোগিতা অনেক সময় বিরক্তি বা রাগ কমিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করে।
৩. দিন একটি সারপ্রাইজ
রাগ কমানোর একটি মিষ্টি উপায় হতে পারে একটি ছোট সারপ্রাইজ। তার পছন্দের ফুল, প্রিয় চকোলেট কিংবা কোনো ছোট উপহার তাকে খুশি করতে পারে এবং ধীরে ধীরে তার মেজাজও ভালো হয়ে যাবে।
৪. ভালোবাসার স্পর্শ দিন
স্ত্রী খুব রেগে থাকলেও ভালোবাসার একটি আলিঙ্গন বা হাত ধরে সান্ত্বনা দেওয়া রাগ কমাতে অনেকটাই সাহায্য করে। স্পর্শের মাধ্যমে ভালোবাসার বার্তা পৌঁছে দিলে তার আবেগও নিয়ন্ত্রণে আসবে।
৫. ক্ষমা করতে শিখুন
কখনো যদি স্ত্রী রাগের বশে কিছু বলে ফেলেন বা চেঁচামেচি করেন, তবে সেটিকে ব্যক্তিগতভাবে না নিয়ে ক্ষমা করে দিন। এতে সম্পর্কের জটিলতা কমে এবং দুজনের মধ্যকার বোঝাপড়াও আরও গভীর হয়।
সম্পর্ক মানেই পারস্পরিক বোঝাপড়া, সম্মান আর ধৈর্যের পরীক্ষা। অল্প রাগ বা আবেগকে জটিল করে তোলার বদলে, একটু সহানুভূতি, সহনশীলতা আর ভালোবাসার মাধ্যমে তা সহজেই কাটিয়ে ওঠা যায়। মনে রাখবেন, রাগ ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা দীর্ঘস্থায়ী।


