
ক্যালিফোর্নিয়ার একটি আদালত সম্প্রতি একটি ল্যান্ডমার্ক রায়ে মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক) এবং ইউটিউবকে সোশ্যাল মিডিয়া আসক্তির জন্য দায়ী করেছেন। ক্যালিফোর্নিয়ার একজন ২০ বছর বয়সী তরুণী, কেইলি এবং তার মা এই টেক জায়ান্টগুলোর বিরুদ্ধে মামলাটি করেন। তাদের অভিযোগ ছিল, প্ল্যাটফর্মগুলো জেনেশুনে শিশুদের আসক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।
বাদীপক্ষের দাবি অনুযায়ী, ছোটবেলা থেকেই এই অ্যাপগুলোর ব্যবহার কেইলির মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করেছে। অতিরিক্ত ব্যবহারের ফলে তিনি অ্যাংজাইটি (উদ্বেগ), বডি ডিসমরফিয়া এবং আত্মঘাতী চিন্তার মতো গুরুতর সমস্যায় ভুগেছেন। মামলায় অভিযোগ করা হয় যে, কোম্পানিগুলো তাদের লাভের জন্য এমন অ্যালগরিদম ব্যবহার করেছে যা শিশুদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দেয়।
আদালতের এই রায়ে মেটা এবং ইউটিউব সবকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। তবে টেক জায়ান্ট দুটি এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে। অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত থাকা স্ন্যাপচ্যাট এবং টিকটক বিচার শুরুর আগেই আদালতের বাইরে কেইলির পরিবারের সাথে বিষয়টি নিষ্পত্তি করে নিয়েছে।
