পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে পা রাখলেন রাজধানীর দিয়াবাড়ি গরুর হাটে প্রতারণার শিকার হওয়া রইস উদ্দিন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এবং জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন পবিত্র হজবিলাসের উদ্দেশে।
গত কোরবানির ঈদের আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ গরু বিক্রি করতে এসেছিলেন দিয়াবাড়ি হাটে। কিন্তু ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল! হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই বোবা কান্না সেদিন কাঁদিয়েছিল গোটা দেশকে।
এই ঘটনার পরপরই পাশে দাঁড়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে রইস উদ্দিনকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর বিভিন্ন সূত্রে আরও কিছু সহায়তা তিনি পান। তবে পুরো ঘটনাকে মানবিক এক মোড়ে নিয়ে যান অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি ফাউন্ডেশনের পরামর্শে ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি পূরণও করেন।
এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার মেয়ে হতাম, হয়তো এমনটাই করতাম। আমি চাই তিনি আমার সন্তানের ও পরিবারের জন্য দোয়া করবেন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
রইস উদ্দিন আবেগভরে বলেন, “অপু বিশ্বাস কথা রেখেছেন। আজ আমি মহান আল্লাহর ঘরে যাচ্ছি— এটা যেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
একজন অসহায় মানুষ, যিনি কিছুদিন আগেও প্রতারণার শিকার হয়ে কেঁদেছিলেন, আজ তিনি যাচ্ছেন পবিত্র ইবাদতের সফরে। নীরব অশ্রু বদলে মিলেছে জীবনের শ্রেষ্ঠ আনন্দ।



