ভুটানকে হারিয়ে দারুণভাবে অনূর্ধ্ব–১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় কিশোরীদের কাছে ব্যর্থ হলো অর্পিতারা। শুক্রবার (২২ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে ভারত ২–০ গোলে জয় তুলে নেয়।
প্রথমার্ধ থেকেই মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ভারত। রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়ারজান বেগমের দৃঢ়তায় একাধিক আক্রমণ ঠেকানো গেলেও ১৪ মিনিটে গোল হজম করতে হয় বাংলাদেশকে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে দলকে এগিয়ে নেন পার্ল ফার্নান্দেজ। এরপর টানা আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত। এদিকে বাংলাদেশের মেয়েরাও প্রথমার্ধে একটি ভালো সুযোগ পেয়েছিল। সৌরভী আকন্দ প্রীতির ফ্রি–কিক ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
দ্বিতীয়ার্ধেও খেলা নিয়ন্ত্রণে রাখে ভারতীয়রা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। আলিশার ক্রস থেকে গোল করেন বনিফিলা শুলাই। শেষ দিকে কর্নার থেকে কিছুটা চাপ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
বাংলাদেশের জন্য এই হার অবশ্যই ধাক্কা। তবে এখনো আশা শেষ হয়নি। চার দলের এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ফের খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের। বাকি ম্যাচগুলোতে ভালো করলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা রয়ে গেছে।



