সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশের দুই প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী। দেশে ফিরেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এদিকে চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের মাঠে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।
সাফের নিয়ম অনুযায়ী, এবারের টুর্নামেন্টের জন্য ২৮ জন ফুটবলার নিবন্ধন করেছে বাংলাদেশ। তাঁদের মধ্যে ২৬ জন শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন। ক্লাবের হয়ে ম্যাচ থাকায় দেরিতে যোগ দিচ্ছেন হামজা ও ফারহান।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যান তপু বর্মণ। তবে তার সুস্থতা নিয়ে আশাবাদী দলের সংশ্লিষ্টরা। বিদেশি ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই ডিফেন্ডার দ্রুত উন্নতি করছেন। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।
শনিবার কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন চলাকালে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘গত ম্যাচে সেরা একাদশে তপু বর্মণ ছিল, কিন্তু ওয়ার্মআপ করতে গিয়ে সে ব্যথা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। তবে আমাদের ফিটনেস ট্রেনারের পর্যবেক্ষণে ইনশা আল্লাহ তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশাবাদী, শ্রীলঙ্কার সঙ্গে খেলায় কোচ যদি মনে করেন, তাহলে তাকে খেলাতে পারেন।’



