মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অবসরের পর ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডার ছিল অনেকটা নড়বড়ে। কিন্তু তাওহীদ হৃদয় যেন এই নাজুক জায়গার ভরসার প্রতীক হয়ে উঠেছেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর আলোচনায় চলে আসেন এই ২৫ বছর বয়সী ক্রিকেটার। এ বছর ওয়ানডেতে তার গড় ৯৭। পাঁচ ইনিংসে ১৯৪ রান করেছেন, যেখানে তিনটিতে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি ছিল তার ৫০তম ম্যাচ। কমপক্ষে ৫০ ওয়ানডে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে গড়ের দিক থেকে সবার উপরে এখন হৃদয়—তার গড় ৩৭.৪১। এই তালিকায় দুই ও তিন নম্বরে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের গড় যথাক্রমে ৩৭.২৯ ও ৩৬.৬৫। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের গড় ৩৬.৪৬ ও ৩৬.৪২। মুশফিক ২৭৪ ওয়ানডে খেলে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড গড়লেও গড়ের নিরিখে হৃদয় এখন সবার ওপরে। তবে হৃদয়ের ব্যাটিং স্ট্রাইকরেট ৭৯.৭৭, এবং লেগ সাইডে বেশি খেলায় রান বের করতে সমস্যা হয়। ডট বল কমিয়ে স্ট্রাইক রোটেশন বাড়াতে পারলে বাংলাদেশের জন্যই তা বেশি উপকারী হবে।



