চীনের এক তরুণ সাইকেল চালানো শেখানোর মাধ্যমে মাত্র দুই বছরে আয় করেছেন প্রায় ২ লাখ ৭০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪৭ লাখ টাকার সমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ব্যতিক্রমী উদ্যোগ সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লি নামের ওই তরুণ বর্তমানে সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টসে ক্রীড়া শিক্ষায় স্নাতকোত্তর করছেন। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে তিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের সাইকেল চালানো প্রশিক্ষণ দিয়ে আসছেন। গত দুই বছরে তিনি প্রায় ৭০০ জনকে প্রশিক্ষণ দিয়েছেন, যাদের বয়স ৪ থেকে ৬৮ বছরের মধ্যে। উল্লেখযোগ্যভাবে, তার শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই নারী।
লি জানান, কর্মস্থলে যাতায়াত সহজ করা কিংবা অফিসের দলগত কার্যক্রমে অংশ নেওয়ার প্রয়োজন থেকেই অনেক মানুষ দ্রুত সাইকেল চালানো শিখতে আগ্রহী হন। এই বাড়তি চাহিদা থেকেই তিনি পেশাদারভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তিনি ৮০০ ইউয়ান মূল্যের একটি প্রশিক্ষণ প্যাকেজ অফার করেন, যেখানে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিশ্চিতভাবে সাইকেল চালাতে পারবেন বলে তিনি গ্যারান্টি দেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুটি ক্লাসই যথেষ্ট হয়ে থাকে।
ক্রীড়া শিক্ষার শিক্ষার্থী হওয়ায় শিক্ষার্থীদের দুর্বলতা দ্রুত শনাক্ত করতে পারা এবং ধৈর্য ধরে তাদের মানসিক ভয় কাটাতে সহায়তা করাই তার প্রশিক্ষণের মূল শক্তি বলে জানান লি। আগামী জুনে তিনি স্নাতকোত্তর শেষ করবেন। এরপর সাংহাইয়ের পাশাপাশি ঝেজিয়াং ও জিয়াংসু প্রদেশে তার প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট



