অনেকেই বলেন, সকালটা যেমন যায়, দিনটাও তেমন কাটে! আসলেই কথাটি সত্যি। বিজ্ঞানীদের মতে, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সময়টাই শরীর ও মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের সঠিক ব্যবহার মনোযোগ, শক্তি এবং মেজাজ ঠিক রাখতে সাহায্য করে। কিন্তু আমরা অনেকেই দিন শুরু করি এমন কিছু ভুল অভ্যাস দিয়ে, যা উল্টো আমাদের সারাদিনকে ক্লান্ত, অস্থির ও চাপযুক্ত করে তোলে। সফল মানুষেরা সকালে যেসব কাজ একেবারেই করেন না, চলুন দেখে নিই—
১. ঘুম থেকে উঠেই মোবাইল বা ইমেইল চেক করা:
চোখ খোলার পরপরই ফোনের নীল আলো চোখে পড়লে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। অফিসের মেসেজ বা ইমেইল দেখলে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফলে মন শান্তভাবে জেগে উঠতে পারে না। এর ফলে মনোযোগ কমে যায়, আর দিন শুরু হয় অস্থিরভাবে।
২. ঘুম থেকে উঠেই কফি খাওয়া:
অনেকের অভ্যাস ঘুম ভাঙতেই কফির কাপ হাতে নেওয়া। কিন্তু এতে শরীরের প্রাকৃতিক কর্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ক্যাফেইনের ওপর নির্ভরতা বাড়ে, আর দুপুরের আগেই শরীর ক্লান্ত হয়ে পড়ে।
৩. সকালে পানি না খাওয়া:
রাতে ঘুমের সময় শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। সকালে এক গ্লাস পানি না খেলে মাথাব্যথা, ক্লান্তি ও মনোযোগহীনতা দেখা দিতে পারে। চা বা কফি কখনোই এই ঘাটতি পূরণ করতে পারে না। তাই ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস পানি পান করুন—এটা শরীরের ভারসাম্য ঠিক রাখে।
৪. নেতিবাচক খবর পড়া বা দেখা:
দিনের শুরুতে দুঃসংবাদ বা উদ্বেগজনক খবর পড়লে কর্টিসল হরমোন বেড়ে যায়, ফলে সারাদিন মন খারাপ ও মানসিক অস্থিরতা থাকে। সফল মানুষরা তাই সকালে খবর না দেখে বরং সঙ্গীত শোনেন, প্রার্থনা করেন বা ডায়েরি লেখেন—যা মনের প্রশান্তি আনে।
৫. সকালে তর্ক বা ঝগড়া করা:
ঘুম থেকে ওঠার পর প্রথম দেড় ঘণ্টায় শরীরে ‘সেরোটোনিন’ নামের হরমোনের মাত্রা কম থাকে, যা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই সকালে ঝগড়া বা বিতর্কে জড়ালে সারাদিনের মুড নষ্ট হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ আলাপ সকাল ৯টার পর করাই ভালো।
৬. সূর্যের আলো না পাওয়া:
ভোরের সূর্যালোক শরীরের প্রাকৃতিক ঘড়ি ঠিক রাখে। সূর্যের আলো না পেলে ঘুমের সমস্যা, মনমরা ভাব ও হজমের সমস্যা দেখা দেয়। মাত্র ১৫ মিনিট সূর্যের আলো শরীরে ভিটামিন ডি বাড়ায় ও মন ভালো রাখে। তাই সকালে কিছুক্ষণ বাইরে হাঁটুন বা বারান্দায় সূর্যের আলো নিন।
সকাল ৯টার আগের সময়টা শরীর ও মনের জন্য সোনালী সময়। এই সময়টা কাজে লাগাতে পারলে সারাদিন থাকবে শক্তি, মনোযোগ আর ইতিবাচক মনোভাব। তাই দিন শুরু করুন এক গ্লাস পানি, কিছু সূর্যের আলো এবং একটুখানি শান্ত মন নিয়ে।


