যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপ দখল করে দেশটির তেল নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ।” খারগ দ্বীপ দখলের বিষয়ে তিনি জানান, এটি করা হতে পারে, আবার নাও হতে পারে—কারণ যুক্তরাষ্ট্রের সামনে বিভিন্ন বিকল্প রয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানির কেন্দ্র হওয়ায় এটি দখল করা হলে দেশটির জ্বালানি খাতে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে।

