আবারও বলিউডে গুঞ্জন উঠেছে—মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! ২০২১ সালের ডিসেম্বর মাসে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তিনি। রাজস্থানের ঐ বিয়ের অনুষ্ঠান আজও ভক্তদের স্মৃতিতে গেঁথে রয়েছে। দেখতে দেখতে প্রায় চার বছর পেরিয়ে গেছে তাদের দাম্পত্যজীবন।
এর মধ্যেই একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা হয়েছে। সম্প্রতি একটি ভিডিও নতুন করে সেই গুঞ্জনে ঘি ঢেলেছে, যেখানে দেখা যায়—হাতে হাত ধরে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। ভিডিওতে ভিকির পরনে ছিল সাদা শার্ট ও নীল ডেনিম, আর ক্যাটরিনা পরেছিলেন ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট। অনেক অনুরাগীর দাবি, ক্যাটরিনা ইচ্ছে করেই এমন পোশাক পরেছেন, যাতে গর্ভাবস্থার বিষয়টি আড়াল থাকে। আবার কেউ কেউ বলছেন, গাড়ি থেকে নেমে ধীরে হাঁটার বিষয়টিও সন্দেহ জাগিয়েছে।
তিন মাস আগেও বন্ধু কারিশমা কোহলির বিয়ের প্রীতিভোজে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। সেদিন ক্যাটরিনার হাতে দেখা গিয়েছিল ভিকির নামে অস্থায়ী ট্যাটু, যা নিয়েও অনুরাগীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। উল্লেখযোগ্যভাবে, গত বছর অম্বানী পরিবারের এক বিয়ের অনুষ্ঠানেও ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা ঘিরে এমন গুঞ্জন উঠেছিল।
বর্তমানে ক্যাটরিনাকে চলচ্চিত্র থেকেও কিছুটা দূরে থাকতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এমনকি পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে দূরে রাখছেন তিনি। এসব দেখে অনেকেই মনে করছেন, হয়তো এই সময়টা তিনি মাতৃত্বকালীন পর্যায়ে সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে চাইছেন।
তবে এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি, কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।



