নওগাঁর বদলগাছীতে দীর্ঘদিন সংস্কারহীন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে ভরা এই সড়কের দুরবস্থা নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো সমাধান। একের পর এক দাবি, অপেক্ষা ও হতাশার পর অবশেষে এলাকাবাসী অনন্য এক প্রতিবাদের পথ বেছে নেয়—সড়কেই ধানের চারা রোপণ।
প্রায় চার মাস আগে লাগানো সেই চারাগুলো পরিচর্যার ফলে ধীরে ধীরে রূপ নেয় ছোট্ট এক সবুজ ধানের ক্ষেতে। স্থানীয়দের কাছে সড়কটি পরিচিত হয়ে ওঠে ‘ধানের রাস্তা’ নামে। আর সেই ধান কাটাকে কেন্দ্র করে সোমবার (২৪ নভেম্বর) আয়োজন করা হয় অভিনব এক ‘প্রতিবাদী পিঠা উৎসব’। উৎসবে অংশ নেন গ্রামের পুরুষ, নারী ও শিশুরা। রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরুষেরা ধান কাটেন, শিশুদের চোখে মুখে দেখা যায় কৌতূহল; অন্যদিকে নারীরা তৈরি করেন বিভিন্ন পিঠা—ভাপা, চিতই, পুলি, দুধপুলি—সবই সেই প্রতিবাদী ধানের চাল দিয়ে।
স্থানীয় কৃষক উজ্জ্বল হোসেন বলেন, “যে রাস্তায় গাড়ি চলতে পারে না, সেখানে ধান জন্মালে অবাক হওয়ার কিছু নেই; অবাক হওয়া উচিত যারা দেখেও দেখেন না, তাদের আচরণে।” আর স্থানীয় গৃহিণী সাহেরা বলেন, “এই পিঠা আমাদের না বলা কথার মিষ্টি প্রতিবাদ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনার ঝড়। কেউ লেখেন, “যেখানে রাস্তা ঠিক হয় না, সেখানে মানুষ সৃজনশীলতার মাধ্যমে প্রতিবাদকেই উৎসবে পরিণত করে।”
স্থানীয়দের আশা, তাদের এই সৃজনশীল প্রতিবাদ এবার হয়তো প্রশাসনের ঘুম ভাঙাবে। তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, সড়ক সংস্কারের কাজে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে কাজ বিলম্বিত হচ্ছে; জমি হস্তান্তর পেলেই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।



