উত্তরের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে প্রকৃতিতে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যা নামতেই উত্তরের ঠান্ডা হাওয়া শীতের তীব্রতা জানান দিচ্ছে, আর কুয়াশা যেন চাদর বেছাতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মাসের শেষদিকে সাগরে কোনো ঘূর্ণিঝড় বা অস্থিতিশীলতা দেখা না দিলে তাপমাত্রা দ্রুত নামতে পারে। তখন কুয়াশা ঘন হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে। তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানায়, সাগরের পরিস্থিতি স্থিতিশীল থাকলে ডিসেম্বরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। যদিও এর আগেই সারা দেশে শীত অনুভূত হবে, কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো মাত্রায় নামবে না।
সব মিলিয়ে বলা যায়, নভেম্বরজুড়েই হিম শীতল আবহাওয়া উপভোগ করবে দেশবাসী; শৈত্যপ্রবাহের প্রকৃত রূপ দেখা যেতে পারে ডিসেম্বরে।



