আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় তুললেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগের করা ছয় বলের মধ্যে পাঁচটিতেই ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নও এখন শঙ্কায়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ঝড়ো সূচনা এনে দেন রহমানউল্লাহ গুরবাজ (১৪) ও সেদিকুল্লাহ আতাল। মাত্র ২ ওভারে আসে ২৬ রান। তবে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা একাই বদলে দেন খেলার চিত্র। দ্বিতীয় ওভারেই ফেরান গুরবাজ ও করিম জানাতকে (১), পরের স্পেলে ফিরিয়ে দেন আতালকেও (১৮)। দ্রুত উইকেট হারিয়ে আফগানরা নেমে যায় ৪১/৩-এ।
পরের দিকে কিছুটা প্রতিরোধ গড়েন ইব্রাহিম জাদরান (২৪)। কিন্তু দারউইশ রাসুলি (৯) ও আজমাতউল্লাহ ওমরজাই (৬) দ্রুত ফিরলে ১৩তম ওভারের শেষে স্কোরবোর্ডে আফগানিস্তান মাত্র ৭৯/৬। এখান থেকে ইনিংসকে টেনে তোলেন রশিদ খান (২৪) ও মোহাম্মদ নবী। তাদের ৩৫ রানের জুটি ভরসা জোগায় দলকে।
তবে আসল রোমাঞ্চ জমে শেষ ওভারে। নবী খেলেন মাত্র ২২ বলে বিধ্বংসী ৬০ রানের ইনিংস, যাতে ছিল ২টি চার ও ৬টি ছক্কা। এর মধ্যে ৫টি ছক্কাই আসে ওয়েলালাগের এক ওভার থেকে। তার ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান শেষ পর্যন্ত ২০ ওভারে সংগ্রহ দাঁড় করায় ১৬৯/৮।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নুয়ান থুশারা। দুর্দান্ত বোলিংয়ে তিনি ৪ উইকেট নেন মাত্র ১৮ রানে। এছাড়া একটি করে উইকেট নেন দাসুন শানাকা, দুশমনতা চামিরা ও ওয়েলালাগে।



