সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ—শাহরুখ খান যেন সবখানেই রাজা। বলিউড এই সুপারস্টারের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার ক্রিকেট বিশ্বে নতুন মাইলফলক স্থাপন করেছে। প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার মাধ্যমে ইতিহাস গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর উদ্বোধন হয় মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ দিয়ে, যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরও বলেন, এটি শুধু খেলার মাঠ নয়—পরিবার ও বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর জায়গা, যা লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহী করে তুলবে।
আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে আটটি ম্যাচ উইকেট, আইসিসি অনুমোদিত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার; নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি অপসারণ করা হয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর জানান, এটি শুধু স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। উদ্বোধনী ম্যাচে প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে এমএলসির একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স—মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।



