নেপালের রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে গেছে তামিলনাড়ু থেকে যাওয়া তীর্থযাত্রীদের তিনটি বাসের মধ্যে দুটি। মৃত্যু আর ধ্বংসের সেই তাণ্ডবলীলার মাঝে সৃষ্টি হলো এক অলৌকিক সাহসিকতার গল্প। জীবন বাঁচাতে কাদায় ভরা পিচ্ছিল পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করছিলেন ২১ জন ভারতীয় তীর্থযাত্রী। ঠিক সেই মুহূর্তে দড়ির অভাব পূরণ করতে নিজের পরনের শাড়িকে দড়ি হিসেবে ব্যবহার করেন এক নারী।
সেই শাড়ির ওপর ভর করেই একে একে বিপদের মুখ থেকে নিরাপদে উঠে আসেন ২১ জন যাত্রী। পরবর্তীতে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। ৫৭ জনের এই দলটি এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলেও ওই নারীর চরম বুদ্ধিমত্তা আর সাহসিকতার কারণেই ২১টি প্রাণ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। তবে এই দলের বাকি ৩৬ জন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।



