ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। তবে শোনা যাচ্ছে, সিনেমাটির প্রধান নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় এক অভিনেত্রী, যা ইতোমধ্যে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘রকস্টার’-এ দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয়ের বিষয়ে পরিচালক আজমান রুশোর সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দ হওয়ায় কাজটি নিয়ে তিনি ইতিবাচক থাকলেও, সিনেমাটিতে অভিনয় করছেন কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা কে হচ্ছেন—তা নিয়ে কৌতূহল তুঙ্গে। গুঞ্জন রয়েছে, পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে এই সিনেমায়। বিষয়টি নিয়ে পরিচালক আজমান রুশো সংবাদমাধ্যমকে জানান, নায়িকা নির্বাচন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন নয় বলেও উল্লেখ করেন তিনি। খুব শিগগিরই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান পরিচালক।
সবকিছু ঠিক থাকলে, শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে শাকিব খান ‘প্রিন্স’ ও ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ দুই সিনেমার কাজ শেষ করে অল্প বিরতির পরই তিনি ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন বলে জানা গেছে।



