আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। তবে মাঠে বাংলাদেশ দলের উপস্থিতি না থাকলেও ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন দেশের দুই অভিজ্ঞ আম্পায়ার।
আইসিসি ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের গাজী সোহেল এবং শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত দায়িত্ব পালন করা এই দুই আম্পায়ার বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে মাঠের দায়িত্বে থাকবেন। বাংলাদেশের ক্রিকেট না থাকলেও এই মনোনয়ন দেশের আম্পায়ারিং মানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে আইসিসির বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য মনোনীত ম্যাচ রেফারিদের নামও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথের মতো অভিজ্ঞ কর্মকর্তারা।
এ ছাড়া টুর্নামেন্টের জন্য একটি শক্তিশালী আম্পায়ার প্যানেলও ঘোষণা করেছে আইসিসি। এতে অন্তর্ভুক্ত হয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, পল রেইফেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফসহ বিশ্বের শীর্ষস্থানীয় আম্পায়াররা। এই অভিজাত তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল, যা দেশের ক্রিকেটের জন্য একটি গর্বের অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।



