স্বাস্থ্যসচেতন মানুষের দৈনন্দিন ডায়েটে আপেল বহুদিন ধরেই জনপ্রিয়। ‘একটি আপেল প্রতিদিন ডাক্তারকে দূরে রাখে’— এই প্রাচীন প্রবাদ আজও যথার্থ, কারণ আপেলে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টসহ প্রচুর পুষ্টিগুণ। বিশেষ করে হজমপ্রণালি ও গাট হেলথ উন্নত করতে আপেলকে অন্যতম সেরা ফল হিসেবে উল্লেখ করেন পুষ্টিবিদরা। তবে বাজারে সহজলভ্য লাল এবং সবুজ আপেলের মধ্যে কোনটি শরীরের জন্য বেশি উপকারী, বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য— এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
বিশেষজ্ঞদের মতে, দু’ধরনের আপেলের মধ্যে পার্থক্য প্রধানত চিনি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের গঠনে। চেন্নাইয়ের শ্রী বালাজি মেডিকেল সেন্টারের ডায়েটিশিয়ান দীপলক্ষ্মী জানান, সবুজ আপেলের চিনি তুলনামূলক কম এবং গ্লাইসেমিক ইনডেক্সও নিম্ন, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। গ্র্যানি স্মিথের মতো সবুজ আপেলে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার বেশি থাকে, যা অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে, মলত্যাগ স্বাভাবিক রাখে এবং মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়ায়। এছাড়া সবুজ আপেলে থাকা পলিফেনল প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে পেটকে সুরক্ষা দেয়।
অন্যদিকে রেড ডেলিশিয়াস বা ফুজির মতো লাল আপেল মিষ্টি স্বাদের এবং এতে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে, বিশেষ করে খোসায়। এগুলো প্রদাহ কমাতে, কোষকে ক্ষতিকর অক্সিডেটিভ প্রভাব থেকে রক্ষা করতে এবং হৃদ্স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। লাল আপেলে ফাইবার তুলনামূলক কিছুটা কম হলেও এতে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারের একটি সুষম সমন্বয় রয়েছে, যা পেটের জন্য উপকারী।
তাহলে কোনটি বেশি ভালো? ডায়েটিশিয়ান দীপলক্ষ্মীর মতে, কম চিনি এবং বেশি ফাইবার থাকার কারণে সবুজ আপেল সামান্য এগিয়ে থাকতে পারে— বিশেষ করে যাঁরা ওজন নিয়ন্ত্রণ বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান তাঁদের জন্য। তবে নিউট্রিশনিস্ট সি ভি ঐশ্বর্য্যার মতে, লাল আপেলে প্রিবায়োটিক কার্যকারিতা অনেক ক্ষেত্রে বেশি হতে পারে, কারণ এতে দ্রবণীয় ফাইবার ও পলিফেনলের হার তুলনামূলক বেশি।
দুই বিশেষজ্ঞই পরামর্শ দেন, আপেল অবশ্যই খোসাসহ খাওয়া উচিত— কারণ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলের বড় অংশই থাকে খোসায়। নিয়মিত সুষম খাদ্যের অংশ হিসেবে লাল বা সবুজ— যেকোনো আপেলই পেটের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। সুতরাং আপনার স্বাস্থ্যের লক্ষ্য অনুযায়ী যেটি উপযোগী মনে হয় তা বেছে নিন, তবে খোসা ছাড়বেন না।



