জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সুবাদে অভিনেতা শিমুল ও অভিনেত্রী লামিমা দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন। পর্দায় তাদের চমৎকার রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছেন, বাস্তব জীবনেও তারা প্রেমের সম্পর্কে জড়িত। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে জানালেন শিমুল।
সম্প্রতি এক মজার মন্তব্যে শিমুল বলেছেন, পর্দার লামিমার কারণে তার বিয়ে হচ্ছেনা! দর্শকদের ধারণা, তারা প্রেম করছেন। অথচ বাস্তবে তা একেবারেই ভুল। শিমুল বলেন, “আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই। আমরা স্রেফ অভিনয়টাই করি।” তিনি আরও জানান, ক্যামেরার বাইরে লামিমাকে ‘আপু’ বলে ডাকেন এবং লামিমাও তাকে ‘ভাইয়া’ বলেন। তাদের সম্পর্ক শুধুই পেশাগত।
শিমুলের মতে, দর্শকদের চোখে তারা একটি সফল অনস্ক্রিন জুটি। এর পেছনে মূল কারণ তাদের স্ক্রিন কেমিস্ট্রি। তিনি বলেন, “ভালোবাসা বলতে যদি কিছু থেকে থাকে, সেটা আমাদের অভিনয়ে। দর্শক ভালোবাসে বলেই আমরা সেই জায়গাটাকে সম্মান করে কাজ করি।”
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে, যা দর্শকদের বিপুল আগ্রহে দেখছেন বঙ্গ ওটিটি, চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। শিমুল শুরু থেকেই এই সিরিয়ালের সঙ্গে যুক্ত আছেন। তার সঙ্গে রয়েছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু সহ আরও অনেকে।
নতুন সিজন নিয়ে শিমুল জানান, দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন। ওটিটিতে আগে প্রচার শুরু হওয়ায় অনেকে একটু বিভ্রান্ত হচ্ছেন, তবে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন। শিমুল বলেন, “যদি না দেখতেন, তাহলে তো মন্তব্যও করতেন না।” তিনি পাইরেসি প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন, বলেন—“জনপ্রিয় কনটেন্ট হলে অ্যাপে আসার আগেই পাইরেসির শিকার হয়। আমাদের দেশের দর্শকদের আরও সচেতন হওয়া দরকার।”



