আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
টিসিবি জানিয়েছে, রমজানকে কেন্দ্র করে নিয়মিত পণ্যের তালিকায় থাকবে ভোজ্যতেল, ডাল ও চিনি। এর সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে, যা রোজার সময়ের চাহিদা বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্রাকসেলের আওতায় প্রতিটি পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য তালিকা পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রমজান মাস শুরুর আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করা এবং বাজারে মূল্যচাপ কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা।



