সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ে বড় অবদান রেখেছেন দুই ‘রানী’—তৃষ্ণা রানী ও স্বপ্না রানী। তৃষ্ণা রানী জোড়া গোল করেন এবং স্বপ্না রানী একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের ৩৩তম মিনিটে স্বপ্না রানীর পাস থেকে বল পেয়ে মার্কারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন তৃষ্ণা রানী। এতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৬৫তম মিনিটে ইয়াংচেন সোনামের কাছ থেকে বল কেড়ে নেওয়া মুনকি আক্তারের পাসে আবারও জালের দেখা পান তৃষ্ণা রানী। ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।
৭৪তম মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শটে স্কোরলাইন হয়ে যায় ৩-০।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকল বাংলাদেশ। এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে পিটার বাটলারের দল টুর্নামেন্টে অপরাজিত। এ লড়াইয়ে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন নেপাল, যারা দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে।
নেপালের হয়ে দুটি করে গোল করেছেন খাতিওয়াদা কুসুম ও সমীক্ষা মাগার। বাকি তিনটি গোল করেন পূর্ণিমা রায়, সারিতা কুমারী নাথ ও বীরসানা চৌধুরী। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। অন্যদিকে ভুটানের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট আর শ্রীলঙ্কা চার ম্যাচেই হেরে বিদায় নিয়েছে শিরোপা লড়াই থেকে।



