বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকেই নিজেকে ফিট রাখতে খাবারের পরিমাণ কমিয়ে ফেলেন, কেউ কেউ আবার রাতের খাবার সম্পূর্ণ বন্ধ করে দেন। তাদের ধারণা—রাতে না খেলে ওজন দ্রুত কমে। কিন্তু এই ধারণা কি সত্যি? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সহজ নয়। বরং, রাতের খাবার বাদ দিলে শরীরের উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।
রাতে খাবার না খাওয়ার নেতিবাচক দিক
বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের পুষ্টিবিদ ইসরাত জাহান ডরিন জানান, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের বিপাকক্রিয়া (metabolism) ধীর হয়ে যায়। এতে শরীরে চর্বি জমে, ফলে ওজন কমার বদলে বাড়তেও পারে। এছাড়া রাতে না খেলে সকালে অতিরিক্ত ক্ষুধা অনুভব হয়, যার ফলে ভারী নাশতা করা হয়। এতে হজমের সমস্যা, ক্লান্তি, মাথাব্যথা, মনোযোগের ঘাটতি এবং কাজের আগ্রহ কমে যেতে পারে।
এছাড়াও পাকস্থলীতে দীর্ঘ সময় কিছু না থাকলে গ্যাস, অ্যাসিডিটি ও আলসারের ঝুঁকি বাড়ে, কারণ অতিরিক্ত অ্যাসিড জমে হজমে ব্যাঘাত ঘটায়।
রাতে কী খাবেন?
রাতের খাবার শরীরের জন্য জ্বালানির মতো কাজ করে। তাই একেবারে না খেয়ে থাকা ঠিক নয়, বরং হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া উচিত। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী—
রুটি: ১-২টি
সবজি: তাজা সবজি বা সালাদ
প্রোটিন: ডিম, মাছ বা চিকেন
ফল: হালকা ফ্রুট সালাদ
রাতে ভাজাভুজি বা অতিমসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত এবং রাত ৯টার পর খাবার না খাওয়াই ভালো। কারণ, রাতে পরিপাকের গতি ধীর হয়ে যায়, ফলে খাবার হজমে সময় বেশি লাগে।
ওজন কমানোর সঠিক উপায়
ওজন কমাতে শুধু রাতের খাবার বন্ধ করলেই হবে না। পুষ্টিবিদের মতে, এটি নির্ভর করে আপনার সার্বিক জীবনযাত্রার ওপর—
দিনে কয়বার খাচ্ছেন
কী ধরনের খাবার খাচ্ছেন
কতটা শারীরিক পরিশ্রম করছেন
এসব বিষয়েই নজর দিতে হবে। সঠিক খাদ্যতালিকা, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীরচর্চা—এই তিনটি বিষয়ই ওজন নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি।
সারসংক্ষেপে, রাতের খাবার একেবারে বাদ দেওয়া উচিত নয়। বরং সময়মতো ও হালকা খাবার খাওয়া, প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়া, শরীরচর্চা এবং ভালো ঘুমই একটি স্বাস্থ্যকর জীবনের গোপন রহস্য। ওজন কমানোর চাবিকাঠি হলো নিয়মিত জীবনযাপন, অতি কষ্টকর খাদ্যাভ্যাস নয়।
সূত্র: এই সময় অনলাইন



