শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাবার তালিকায় ফল থাকা অপরিহার্য। তবে কোন ফলে কী উপকারিতা আছে এবং কখন খেলে তা কার্যকর হবে—সে সম্পর্কে জানা জরুরি। আমাদের আশপাশে এমন অনেক ফল আছে যা নিয়মিত খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজমশক্তি ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
সহজলভ্য এমন এক ফল হলো পেঁপে। অবাক হলেও সত্যি, পেঁপেতে রয়েছে অসংখ্য পুষ্টি উপাদান, যা অধিকাংশ রোগ থেকে মুক্তি দিতে সহায়ক। সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভিটামিন সি সমৃদ্ধ
পেঁপে ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস। একটি মাঝারি আকারের পেঁপে খেলে দৈনিক ভিটামিন সির চাহিদার ১০০ শতাংশেরও বেশি পূরণ হয়। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এটি টি-লিম্ফোসাইট ও বি-লিম্ফোসাইটের কার্যক্ষমতা বাড়ায়। টি-সেল সংক্রমিত কোষ ধ্বংস করে, আর বি-সেল অ্যান্টিবডি তৈরি করে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।
হজমে সহায়ক
প্রতি কাপে পেঁপেতে প্রায় ২.৫ গ্রাম খাদ্যতন্তু থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং সুষম মাইক্রোবায়োমের বৃদ্ধি করে। উল্লেখযোগ্যভাবে, শরীরের প্রায় ৭০ শতাংশ রোগপ্রতিরোধক কোষ অন্ত্রেই অবস্থান করে। এছাড়া পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম পাপাইন প্রোটিন ভাঙতে সহায়তা করে এবং পুষ্টি শোষণ বাড়ায়। পাশাপাশি এতে প্রদাহবিরোধী ও অ্যান্টিভাইরাল গুণও রয়েছে।
প্রদাহ কমায়
পেঁপেতে ভিটামিন এ, বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস তখনই হয়, যখন ফ্রি র্যাডিকেল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষাকে ছাপিয়ে যায়। এ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো প্রদাহ কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটি পেঁপের টুকরায় প্রায় ৩ মিলিগ্রাম লাইকোপিন থাকে। গবেষণায় দেখা গেছে, লাইকোপিন হৃদ্রোগ, প্রোস্টেট ক্যানসার এবং আরও কিছু ধরনের ক্যানসারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ভূমিকা রাখতে পারে।



