কল্পনা করুন, চাকরির বাজারে হন্যে হয়েও কাঙ্ক্ষিত কাজ মিলছে না। এমন পরিস্থিতিতে যদি আপনার নিজের মা-বাবাই আপনাকে মাসিক বেতনের বিনিময়ে ‘পূর্ণকালীন সন্তান’ (Full-time children) হিসেবে নিয়োগ দেন, তবে বিষয়টি কেমন হবে? শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও চীনের বর্তমান তরুণ প্রজন্মের কাছে এটি এখন এক ক্রমবর্ধমান বাস্তবতা।
চীনে বর্তমানে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা ও বেকারত্বের কারণে অনেক তরুণ প্রথাগত চাকরির আশা ছেড়ে দিয়ে মা-বাবার ‘ফুল টাইম’ কর্মচারী হিসেবে কাজ করতে পছন্দ করছেন। এর বিনিময়ে মা-বাবা তাদের নির্দিষ্ট পরিমাণে মাসিক বেতন প্রদান করেন, যা সাধারণত ১ হাজার থেকে ৫ হাজার ইউয়ানের মধ্যে হয়ে থাকে। একজন ‘ফুল টাইম চাইল্ড’ হিসেবে দায়িত্বগুলো হালকা নয়—তারা মা-বাবাকে সার্বক্ষণিক সঙ্গ ও মানসিক সহায়তা দেন, মোবাইল অ্যাপ চালানো শেখানো, অনলাইনে কেনাকাটা করে দেওয়া, গাড়ি চালানো এবং ভ্রমণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করার মতো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।
চীনে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার বর্তমানে ১৪ থেকে ১৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। এই সংকটের পাশাপাশি কর্মক্ষেত্রের বিষাক্ত পরিবেশও তরুণদের এই পথে ঠেলে দিচ্ছে। উদাহরণস্বরূপ, শিয়াওইয়া নামের এক তরুণী সহকর্মীদের বাজে ব্যবহারের কারণে চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় মা-বাবার অধীনে মাসিক ৩ হাজার ইউয়ানের বিনিময়ে ১৫ মাস ‘ফুল টাইম চাইল্ড’ হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে এলা নামের আরেক তরুণী সম্পূর্ণ আবেগীয় জায়গা থেকে এই পেশা বেছে নিয়েছেন—তার দাদার মৃত্যুর পর বিষণ্ণ বাবাকে সঙ্গ দিতেই তিনি নিজের ক্যারিয়ারের চেয়ে বাবার পাশে থাকাকেই বড় দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন।



