যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। ‘এমভি ক্যালিপসো এন’ নামের জাহাজটি মোংলা বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বুধবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি জি টু জি-০৩ অনুযায়ী এই গম আমদানি করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, সরকার-টু-সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর আগে জি টু জি-০১ এবং জি টু জি-০২ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জি টু জি-০১ চুক্তির অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ চুক্তির অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম আমদানি করা হয়। ফলে এই দুই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে বছরে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশীয় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণের জন্য বিভিন্ন দেশ থেকে গম আমদানি করতে হয়।



