গাজার সাধারণ মানুষের সমর্থনে সোচ্চার হওয়ায় মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে গায়ক এড শীরানের আন্তর্জাতিক ‘লুপ ট্যুর’-এর যুক্তরাষ্ট্রের পরবর্তী কনসার্টগুলো থেকে বাদ দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় তিনি ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন এবং সরাসরি “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান তোলেন। এই ঘটনার পরপরই কনসার্ট কর্তৃপক্ষ তাঁকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার পর ম্যাকলেমোর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তাঁর সহমর্মিতা ও অবস্থানের কথা তুলে ধরেন। তাঁর সেই পোস্টে প্রকাশ্যে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন।
হ্যামিল্টন ম্যাকলেমোরের ইনস্টাগ্রাম কমেন্ট বক্সে লেখেন, “আপনার কণ্ঠ ব্যবহার করার জন্য ধন্যবাদ, আমি আপনার পাশে আছি।” ক্রীড়া ও বিনোদন জগতের এই দুই শীর্ষ তারকার একাত্মতা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনাটি নিয়ে বিতর্কের সৃষ্টি হলে পপ তারকা এড শীরান স্পষ্ট করে জানান, র্যাপারকে বাদ দেওয়ার পেছনে তাঁর কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। কনসার্ট ট্যুরের আয়োজক, ভেন্যু কর্তৃপক্ষ এবং প্রমোটররা মিলে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের রাজনৈতিক ও মানবিক ইস্যুতে কথা বলা এবং তার পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও তর্ক-বিতর্ক চলছে।



