বাংলাদেশ–ভারত ফুটবলের সাম্প্রতিক দ্বৈরথ আবারও হাজির হয়েছে উত্তেজনার নতুন ঢেউ নিয়ে। প্রতিবেশী ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়ের স্মৃতি অনেক পুরোনো—২০০৩ সালের পর থেকে আর জয়ের দেখা পায়নি লাল-সবুজরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় মুখোমুখি হচ্ছে দুই দল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাঠে শেষ ম্যাচকে সামনে রেখে আবেগ ও প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘এটা অনেক আবেগের এবং হাইভোল্টেজ ম্যাচ। জাতীয় দলের সামনে দীর্ঘ বিরতি রয়েছে। যদি বছরটা জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু খেলোয়াড় নয়, সমর্থক সবার জন্যই ইতিবাচক হবে। তাই আবেগের পাশাপাশি বুদ্ধিমত্তা দিয়েও খেলতে হবে।’
বাংলাদেশ–ভারত লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ভারতের দিকে। দুই দলের স্বীকৃত মোট ২৭ ম্যাচে ভারত জিতেছে ১১টি, বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি, আর ১৩টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটি ড্র হলেও একটি জিতেছে ভারত। বাংলাদেশ শেষবার ভারতকে হারিয়েছিল ২০০৩ সালের ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল এই বছরের মার্চে—শিলংয়ে অনুষ্ঠিত এএফসি বাছাইয়ের ম্যাচে, যেখানে হামজা চৌধুরীর অভিষেক হয়েছিল এবং ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বাংলাদেশ–ভারত ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এটি দেখা যাবে টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচারে। এছাড়া অনলাইনেও ম্যাচ উপভোগ করা যাবে—বঙ্গবিডিতে সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ দেখা যাবে এই রোমাঞ্চকর লড়াই।



