শীতকালে হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক হলেও, মোটা মোজা পরার পরেও যদি পা বরফের মতো ঠান্ডা থাকে, তবে তা শরীরের কোনো গুরুতর সমস্যার সংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, এই উপসর্গটি দীর্ঘদিন চললে তা রক্ত সঞ্চালনের সমস্যার দিকে ইঙ্গিত করে। যখন শরীরের ধমনিতে খারাপ কোলেস্টেরল (LDL) জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD) বলা হয়। এই রোগে পায়ের ধমনি সংকুচিত হয়ে যায়, ফলে পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত পায়ে পৌঁছাতে পারে না এবং পা সব সময় ঠান্ডা থাকে।
পেরিফেরাল আর্টারি ডিজিজ বা PAD হলে পা ঠান্ডা হওয়ার পাশাপাশি হাঁটার সময় পায়ে ব্যথা, ঝিঁঝিঁ ধরা, অবশ ভাব কিংবা পায়ের ক্ষত সহজে না শুকানোর মতো লক্ষণ দেখা দিতে পারে। বিশেষ করে ৪০ ঊর্ধ্ব ব্যক্তি, ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল সম্পন্ন ব্যক্তি এবং ধূমপায়ীরা এই রোগের উচ্চ ঝুঁকিতে থাকেন। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি পরবর্তীতে গ্যাংগ্রিনের মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। ধূমপান বর্জন করা, নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করা এবং খাবারে তেল-চর্বি, লবণ ও চিনির পরিমাণ কমিয়ে আনা অত্যন্ত কার্যকর। এছাড়া ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পায়ের রঙের কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, সঠিক সময়ে সচেতনতাই পারে বড় কোনো শারীরিক জটিলতা এড়াতে।



