একসময় বলিউডে “উচ্চারণটা ঠিক নয়, কণ্ঠস্বরটা নায়িকার মতো নয়” — এমন ঠাট্টা-বিদ্রুপ সহ্য করতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। অথচ আজ সেই কণ্ঠস্বরই ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া—সবখানেই এখন শোনা যাচ্ছে তার কণ্ঠ। কারণ, মেটা এআইয়ের নতুন ভয়েস আইকন হয়েছেন দীপিকা পাড়ুকোন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বলিউডের এই লেডি সুপারস্টার এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছেন এক নতুন জগতে। মেটা এআইয়ের ভয়েস সিস্টেমে তার কণ্ঠ যুক্ত করা হয়েছে, ফলে এখন থেকে মেটা এআই ব্যবহারকারীরা শুনবেন দীপিকার কণ্ঠেই উত্তর।
নিজের এই নতুন যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীপিকা লিখেছেন, “এটা আমার জন্য একেবারে নতুন অধ্যায়। এমন এক যাত্রা, যেখানে প্রযুক্তি ও মানবিকতার মিশেল ঘটবে।”
তবে এখানেই থেমে থাকেননি তিনি। এক সাক্ষাৎকারে পুরোনো দিনের সংগ্রামের কথা স্মরণ করে দীপিকা বলেন, “আজ আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমার শুরুটা হয়েছিল প্রচণ্ড ঠাট্টা আর তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে দিয়ে। আমার উচ্চারণ, আমার কণ্ঠস্বর—সবকিছু নিয়েই হাসাহাসি হতো। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে প্রমাণ করেছি। এসব অর্জন করতে হয়েছে নীরবে, লড়াই করে।”
আজ দীপিকা শুধু বলিউডের সফল অভিনেত্রীই নন, বরং নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ়তার এক জীবন্ত প্রতীক। ৫০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক এই তারকা পারিশ্রমিকের দিক থেকে পুরুষ সহ-অভিনেতাদের সমকক্ষ এবং ইন্ডাস্ট্রিতে সমান সুযোগের দাবিতেও তিনি সোচ্চার।



