দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মালায়ালাম সুপারস্টার মোহনলাল অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩’। আগামী ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বুধবার (১৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা জিতু জোসেফ।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত বছরের ডিসেম্বরে ছবিটির জন্য নিজের অংশের শুটিং শেষ করেন মোহনলাল। শুটিং শেষের সেই মুহূর্তে পুরো ইউনিটের সঙ্গে কেক কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আরও জানা গেছে, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঠিক আগের দিনই এই ছবির শুটিং শুরু করেছিলেন তিনি।
বহুল প্রশংসিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে, ভারতের কোচির কাছাকাছি একটি আইন কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পূজার অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনের সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জিতু জোসেফ জানান, এই পর্বে মোহনলালের অভিনীত আইকনিক চরিত্র জর্জকুট্টির জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে। তিনি বলেন, ‘এই ছবিতে সাড়ে চার বছর পর জর্জকুট্টির জীবনে কী ঘটে, সেটিই গল্পের মূল উপজীব্য।’
ছবিটির শুটিং হয়েছে থোডুপুঝা, ভাগামনসহ ভারতের একাধিক স্থানে। শেষ পাঁচ দিনের শুটিং সম্পন্ন হয় এর্নাকুলামে। টানটান গল্প, সূক্ষ্ম সাসপেন্স ও মোহনলালের শক্তিশালী অভিনয়ের জন্য ‘দৃশ্যম’ সিরিজ ইতোমধ্যেই ভারতীয় সিনেমায় কাল্ট মর্যাদা অর্জন করেছে।
সব মিলিয়ে, ‘দৃশ্যম’ শুধু একটি সিনেমা নয়, এটি মালায়ালাম চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রথম দুই পর্বে দর্শকদের যে রহস্য, উত্তেজনা ও মানবিক টানাপোড়েনের ভেতর দিয়ে নিয়ে গেছে এই ফ্র্যাঞ্চাইজি, তৃতীয় পর্বেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। ফলে ‘দৃশ্যম ৩’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।



