রাজধানীর মিরপুরের কালশীতে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টারের ছয়তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর রাত ১১টা ২৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও চারটি ইউনিট সেখানে যোগ দেওয়ার পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন,
“রাত ১০টা ১২ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে যে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে কাজ করছে।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।



