মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় বড় ধরনের অভিবাসী অনিয়মবিরোধী অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও তানি মার্কেটজুড়ে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এ সময় ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং বৈধ নথি না থাকায় তাদের মধ্যে উল্লেখিত সংখ্যক অভিবাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি এতে অন্তর্ভুক্ত—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
অভিযানের নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি জানান, রাজধানীর নিকটবর্তী হওয়ায় এ এলাকায় বহু বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস ও অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেই এই অভিযানের আয়োজন করা হয়।
আটকদের মধ্যে ৩৫ জন নারী আছেন এবং সবার বয়স ২১ থেকে ৫৩ বছর। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মোট ৩৫৮ সদস্যের সমন্বয়ে ইমিগ্রেশন, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগ একযোগে অভিযানে অংশ নেয়। এছাড়া মাদক সংযোগের অভিযোগে দু’জন মালয়েশীয়কেও আটক করেছে কর্তৃপক্ষ।
সব আটক অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



