বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘মালদ্বীপ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট’। শুক্রবার (২৬ ডিসেম্বর) মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এই দ্বিপাক্ষিক ক্রিকেট ইভেন্টটি আয়োজিত হয়। এই বিশেষ টুর্নামেন্টে মালদ্বীপের জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম। খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, সৌহার্দ্য এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচে ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মালদ্বীপ জাতীয় দল। মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন দেশটির ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। রানার-আপ ট্রফি তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে মিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনার তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসীদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে শক্তিশালী করে। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।



