ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে ২১ জুলাই একটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনে যদি জাল কাগজপত্র পাওয়া যায় অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তাজনিত কোনো সন্দেহজনক তথ্য থাকে, তাহলে তা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করা হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী বা অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রোধে তারা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানানো হয়।
এর আগে, ১৮ জুলাই একটি পোস্টে কড়া ভাষায় জানানো হয়েছিল, কনস্যুলার অফিসাররা প্রতারণামূলক কৌশল ও জাল নথিপত্র চিহ্নিত করতে অভিজ্ঞ এবং সর্বদা নতুন নতুন জালিয়াতি কৌশল সম্পর্কে অবগত থাকেন। তারা বলেন, তথ্য গোপন করা বা ভুয়া নথি জমা দেওয়া গুরুতর অপরাধ। এমন কাজ করলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে এবং ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতে পারেন।
এছাড়া, গত ১০ জুলাই একটি পোস্টে জানানো হয়, ভিসার ডিএস-১৬০ ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক। ফর্মে দেয়া সব তথ্য আবেদনকারীকে সত্য এবং নির্ভুল বলে স্বীকার করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে আবেদন অযোগ্য হওয়ার ঝুঁকিও তৈরি হয়।



