ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক, তবে এ সময় ছোটাছুটি করলে বিপদের সম্ভাবনা আরও বেড়ে যায়। শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের সময়ও দেখা গেছে—মানুষ আতঙ্কে দৌড়াতে গিয়ে বয়স্কদের জায়গা দেয়নি এবং কেউ কেউ সিঁড়িতে পড়ে আহত হয়েছেন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (USGS) জানায়, ভূমিকম্পের সময় সবচেয়ে নিরাপদ কৌশল হলো— “ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন”। অর্থাৎ, যেখানেই থাকুন সেখানেই বসে পড়ুন, মাথা–শরীর ঢেকে ফেলুন এবং কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করুন। ভূমিকম্প শুরু হলে দ্রুত একটি শক্ত কাঠের টেবিল, ডেস্ক বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন। প্রয়োজনে বাসার বিম বা কলামের পাশে বসে পড়ুন। হামাগুড়ির মতো ভঙ্গিতে থাকা নিরাপদ, এতে পড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং নড়াচড়া করাও সহজ হয়।
ভূমিকম্পের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
ভূমিকম্পের সময় যা করবেন—
বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন।
নিকটবর্তী বিম, কলাম বা পিলারের পাশে আশ্রয় নিন।
ঝাঁকুনি থামা পর্যন্ত স্থির থাকুন, বিশেষ করে ওপর তলায় হলে।
বাইরে থাকলে গাছ, উঁচু ভবন বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে যান।
ভূমিকম্পের সময় যা করবেন না—
আতঙ্কিত হয়ে দৌড়াবেন না।
লিফট ব্যবহার করবেন না বা লাফিয়ে নিচে নামার চেষ্টা করবেন না।
ভারি আসবাব, ঝুলন্ত লাইট বা ফ্যানের কাছে দাঁড়াবেন না।
গ্যাস স্টোভ জ্বালাবেন না বা ফোনে কথা বলবেন না।
হঠাৎ ভূমিকম্প হলে কী করা উচিত—এ নিয়ে সচেতনতা তৈরি করলে জীবনহানির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।


