ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণেই নৌযানটি ডুবে যায়।
উদ্ধার তৎপরতায় ইতালির কোস্টগার্ডের পাশাপাশি মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান অংশ নেয় এবং জার্মান সংস্থা সি-ওয়াচ আকাশপথে নজরদারি চালিয়ে সহায়তা করে। জানা গেছে, নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে রওনা হয়ে বৌরি অয়েল ফিল্ডের কাছে ডুবে যায়। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। উদ্ধার হওয়া যাত্রী ও মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হওয়ায় ভূমধ্যসাগর অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই পথে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।



