এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে ভালো শুরুর আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে হ্যানয়ের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে পিছিয়ে পড়লো কিউবা মিচেলের শিষ্যরা। আগের ছয় আসরের মতো এবারও বাছাইপর্বের শুরুটা দুঃস্বপ্নে রূপ নিল লাল-সবুজের জন্য।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ভিয়েতনাম। মাত্র ১৫ মিনিটেই এনগোক মাইয়ের কোনাকুনি শটে এগিয়ে যায় স্বাগতিকরা, যেটিতে অ্যাসিস্ট করেন ফি হোয়াং। ৩৫ মিনিটে প্রথম সুযোগ আসে বাংলাদেশের সামনে—অধিনায়ক শেখ মোরসালিনের সেট পিস সরাসরি চলে যায় ভিয়েতনামের গোলরক্ষক ট্রুঙ্গ কিয়েনের হাতে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ, ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বদলে বাংলাদেশ আরও চাপে পড়ে। গোলবার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত হয়। তবে ৮৩ মিনিটে কর্নার থেকে ভিকটরের হেডে দ্বিতীয়বার জাল কাঁপে বাংলাদেশের। শেষ মুহূর্তে ভিয়েতনামের আরও একটি শট বারে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি।
এই হারের ফলে ‘সি’ গ্রুপে ব্যর্থ সূচনা করলো বাংলাদেশ। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। শনিবার সেই ইয়েমেনের মুখোমুখি হবে শেখ মোরসালিনের দল।



