স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হওয়ার ঘটনায় ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে গোল করেছিলেন ভিনি। কিন্তু ভিএআর পর্যালোচনায় মেক্সিকান রেফারি সিজার রামোস পেছন থেকে ফাউলের সিদ্ধান্তে গোলটি বাতিল করেন। যদিও ম্যাচে ভিনিসিয়াস আরও দুটি গোল করে ব্রাজিলকে ৩-০ জয় এনে দেন। গোলটি বাতিল না হলে হ্যাটট্রিক হতো তার।
সিবিএফের অভিযোগ, রেফারির এই সিদ্ধান্ত শুধু ব্রাজিল নয়, স্কটিশ খেলোয়াড়দের কাছেও বিস্ময়কর ছিল। তারা নিজেরাও কোনো ফাউল বা গোল বাতিলের আশা করেননি। অভিযোগ জোরালো করতে ব্রাজিল টেনেছে লিওনেল মেসির একটি গোলের উদাহরণ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে মেসির গোলের আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে ট্যাকল করলেও রেফারি খেলা চালিয়ে যান এবং সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। ব্রাজিলের প্রশ্ন, মেসির গোলটি যদি বৈধ হয়, তবে ভিনির গোলটি কেন ফাউলের অজুহাতে বাতিল করা হলো?
ব্রাজিল ইতিমধ্যে স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান।



