ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই অন্যরকম এক মহাযজ্ঞ। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের সব টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের জন্য ভেন্যুটি এখন সম্পূর্ণ ‘হাউসফুল’।
এর আগে গ্রুপ পর্বে (১৪ সেপ্টেম্বর) ২০ হাজার আর সুপার ফোরে (২১ সেপ্টেম্বর) ১৭ হাজার দর্শক মাঠে ভিড় জমালেও, ফাইনালের আগ্রহ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ইতিহাসের প্রথম ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে।
সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই হোঁচট খেয়েছে বাবরবিহীন দলটি। অন্যদিকে ভারতীয় দলে আছেন ওপেনার অভিষেক শর্মা ও স্পিনার বরুণ চক্রবর্তী, যারা বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা ব্যাটসম্যান ও বোলার হিসেবে বিবেচিত।
তবে মাঠের লড়াইয়ের বাইরেও বিতর্ক কম হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের করমর্দন এড়িয়ে যাওয়া এবং তার রাজনৈতিক মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটবিশ্বে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করলে, আইসিসি তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে।
সব উত্তেজনা ও চাপের মাঝেই পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা শান্ত কণ্ঠে জানিয়েছেন, “উভয় দলের ওপর চাপ সমান থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব জয়ের জন্য।”
রোববার দুবাইয়ে যখন ভারত-পাকিস্তান নামবে শিরোপার লড়াইয়ে, তখন রাজনৈতিক টানাপোড়েন, অতীতের দ্বন্দ্ব আর বর্তমান ফর্ম সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ফাইনাল হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়।



